অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় প্রায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার অভিযানে সফলতা দেখিয়ে পুরস্কৃত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র হরিণটানা থানার ১১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতারের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃতরা হলেন— এসআই (নি.) মো. রাসেল হোসাইন, এসআই (নি.) মো. রফিকুল ইসলাম, এসআই (নি.) মো. রেজোওয়ান উজ্জামান, এএসআই (নি.) মো. আল মামুন, এএসআই (নি.) মো. আরিফুল ইসলাম, এএসআই (নি.) মো. শরিফুল ইসলাম, এএসআই (নি.) মো. তহিদুল ইসলাম, কনস্টেবল মো. হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হান। তাদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান ‘জিরো টলারেন্স’। নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা যোগাবে।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার হরিণটানা থানা এলাকায় ‘টুংগীপাড়া এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ ২৭ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে।