অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় অন্তত জুন পর্যন্ত জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না।
সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “তেল নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। হয়তো পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”
তিনি জানান, সরকার জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ বজায় রাখা হচ্ছে। এ খাতে আগামী জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, আগামী ২০ তারিখে সফরের সম্ভাবনা রয়েছে, যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এ সফরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন হতে পারে।
সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার অবদানের প্রশংসা করে তিনি বলেন, সবকিছু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। এছাড়া মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে ভবিষ্যতে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।