স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমানের চায়না লেবুর বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি বাগানটি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চায়না লেবু চাষের সম্ভাবনা, উৎপাদন ও উদ্যোক্তার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বেকার যুবকদের হতাশ না হয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে এসে কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে ফলের বাগান গড়ে তুলতে পারলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, ঝিনাইদহের অনেক তরুণ-যুবক বর্তমানে বিভিন্ন ধরনের ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষিতে যুবসমাজের এই আগ্রহ ইতিবাচক। নতুন নতুন কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।
এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা হাবিবুর রহমান জানান, তাঁর দুই বিঘা জমির ফলের বাগান প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।