স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অধিকাংশ কলেজের পাসের হার সন্তোষজনক নয়। এমনকি কয়েকটি কলেজের পাসের হার ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ৬৬ দশমিক ১ শতাংশ। এ কলেজে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক বলেন, তাঁদের কলেজের সাফল্যের পেছনে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। তিনি আরও বলেন, মোবাইল ফোন থেকে দূরে রেখে ছাত্রীদের পড়ার টেবিলে নিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। তাহলে আগামীতে আরও ভালো ফলাফল উপহার দেওয়া সম্ভব হবে।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলমগীর কবির বলেন, তাঁদের কলেজে দূরদূরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে ছাত্রী হোস্টেল চালু করা হয়েছে, যা মহেশপুরের অন্য কোনো কলেজ এখনো করতে পারেনি। আগামীতে শিক্ষক, ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।