অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে।
রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ হাদি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো ঘটনায় জড়িত নই।’ তবে তাকে ফাঁসানো হয়েছে কি না—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা সেখানে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে আহত করা হয় শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপ নেয়।