ইয়ানূর রহমান : বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রস্তুতির অংশ হিসেবে জনমত যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ-বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পটির প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন, যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এবং শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এ ছাড়া বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক ও পরিবেশ সুরক্ষা পরিকল্পনা তুলে ধরা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে সীমান্ত পারাপারে সময় এবং আমদানি-রপ্তানি ব্যয় কমবে বলে জানানো হয়। পাশাপাশি আধুনিক ট্রাক টার্মিনাল ও পরিকল্পিত পার্কিং সুবিধা চালু হলে বন্দরের দীর্ঘদিনের যানজট কমবে এবং নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত হবে।
এ ছাড়া বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রকল্পের নির্মাণ ও পরিচালন পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় ধুলাবালি, শব্দ, পানি ও মাটির মান নিয়মিত পর্যবেক্ষণ, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষাবিধি মেনে প্রকল্পের কাজ পরিচালনার বিষয়েও আলোচনা হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে পৃথক বাজেট বরাদ্দ রাখার বিষয়টি সভায় জানানো হয়।
মতবিনিময় পর্বে বক্তারা পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বন্দর গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি বাড়াতে প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।