ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) এবং একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল ওহাব ভ্যানে করে সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে।