অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ওই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়েই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত রাখা হচ্ছে।