ইয়ানূর রহমান : যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় কিশোরীর সঙ্গে থাকা দুজনের কথাবার্তায় অসংগতি দেখা দিলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয় এবং তার সঙ্গে থাকা দুজনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে নানির বাড়িতে থাকত। সম্প্রতি অভাবের কারণে নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, রাফেজা বিয়ের প্রস্তাব দিয়ে কিশোরীকে যশোরে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে যশোর শহরের টালিখোলা এলাকার সেন্টু নামের এক যুবকও ছিলেন। স্থানীয়দের দাবি, সেন্টু নারী পাচারের সঙ্গে জড়িত। পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেন।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, কিশোরীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।