ফারুক আহমেদ, মাগুরা : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সমবায় পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। এছাড়া বক্তব্য দেন মাগুরা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরাসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, সমবায় সমিতিগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আটটি স্টল স্থাপন করা হয়েছে। সমবায়ের মাধ্যমে দেশের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, গাভী পালনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঋণ সহায়তা এবং নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে সমবায়ীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা উন্নয়নেও কাজ করছে জেলা সমবায় বিভাগ।
মাগুরা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল বলেন, ‘দশে মিলে করি কাজ’—সমবায়ের মূল চেতনা এ কথার মধ্যেই নিহিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান বলেন, ভবিষ্যতে সমবায় মেলা আয়োজনের ক্ষেত্রে মাগুরা জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। সমবায়ীদের নতুন নতুন পণ্যের উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সমবায় কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত সমবায় পণ্য প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।