স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানেঅবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন দালাল ও নারী-পুরুষসহ ছয় বাংলাদেশি নাগরিক আটক হয়েছে এবং বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কাশির সিরাপ উদ্ধার হযেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুরের পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের একটি রাস্তার ওপর থেকে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করা হয়। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে রিপন নামের এক ব্যক্তিকেও আটক করা হয়।
এ ছাড়া কুল্লিয়াপাড়া বিওপির টহল দল জিনজিরা পাড়া এলাকার সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনজন পুরুষকে আটক করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা জেলার বাসিন্দা। অন্যদিকে, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৮২-আর থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রামারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে আটক করে।
অন্যদিকে, অবৈধভাবে সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির বেনীপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬২/৭-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে। একই দিন মাধবখালী বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি মাঠ থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ ছাড়া গয়েশপুর বিওপির টহল দল গয়েশপুর গ্রামের হালিমের পেয়ারা বাগান থেকে ২৭৭ বোতল ভারতীয় উইন সিরেক্স সিরাপ এবং মেদিনীপুর বিওপির টহল দল হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে ৪৮ বোতল ভারতীয় এসকুফ সিরাপ আটক করে। পৃথক এসব অভিযানে সর্বমোট ৬৫ বোতল ভারতীয় মদ ও ৩২৫ বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়।
৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমাদাদুর রহমান।