অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি।
গত মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বুধবার (১৪ অক্টোবর) রিয়াদ সফরে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি।
ইরাকি বার্তা সংস্থার বরাতে জানা গেছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতায় বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড ইরাকের মাটিতে হতে দেওয়া হবে না। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রেখে চলার নীতিই তারা অনুসরণ করতে চায়।
এই সফরের পেছনে রয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। গত মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকেই চালানো হয়েছিল। এতে সৌদি আরবকে সাময়িকভাবে তেল রপ্তানি বন্ধ রাখতে হয়। প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি এখন আবার সচল হয়েছে। তবে ঘটনার পরই ইরাকের প্রধানমন্ত্রী নিজে রিয়াদ গিয়ে ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা যেন আর না হয়, সে বিষয়ে যুবরাজকে আশ্বস্ত করেন।