অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে তা ভেঙে ফেলে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) এক টেলিভিশন ভাষণে গালিবাফ জানান, ইরানের প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে পুনরায় হামলা চালানো থেকে বিরত রাখা। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো স্বাক্ষরিত চুক্তিও চূড়ান্ত সুরক্ষার নিশ্চয়তা দেয় না বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, তারা তাদের দেওয়া কথা রাখে না, তাই একটি অন্যায়কারী শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে লড়াই করলেই কেবল স্থায়ী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
আমেরিকাকে তাদের আচরণ পরিবর্তন করতে এবং শাস্তির মুখোমুখি হয়ে ইরানি জাতির ন্যায্য দাবিগুলো মেনে নিতে বাধ্য করার ওপর গুরুত্বারোপ করেন স্পিকার গালিবাফ।