অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে দেশটির পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধের প্রকাশ্য ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
কিম জং উন বলেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজন বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের দিকে মনোযোগ দিতে হবে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব অস্ত্রের সামরিক গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম। এ সময় তিনি বলেন, দেশের পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম ও অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।
কিমের ভাষ্য, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে যারা দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দিতে চায় না এবং নিরস্ত্রীকরণের কথা বলে, তাদের বক্তব্যে এই অবস্থানের পরিবর্তন হবে না।
২০২৩ সালে নিজেদের সংবিধানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া। কিম বলেন, এই মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখা হবে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কিমের এমন বক্তব্য সামনে এল। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে অক্টোবরে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।
দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই স্থলমাইন পুঁতে রেখেছিল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায়। দেশটির দাবি, বিস্ফোরণের ঘটনা সাজানো হয়েছে।
এর কয়েক দিনের মাথায় জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর কিমের জোর দেওয়ায় কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।