August 3, 2026, 7:19 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পেট্রোল বোমা হামলার মামলা ; খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় চার্জ গঠন পেছালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পেছান কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

সকাল সাড়ে ১০টায় মামলায় হাজিরা দিতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ সময় চার্জ গঠনের তারিখ পেছানো হয়। বেলা ১১টায় সাংবাদিকদের বিষয়টি জানান আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত, কাইমুল হক রিংকু ও মোহাম্মদ আক্তার হোসাইন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) চৌদ্দগ্রামের মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর এলাকায় পেট্রোল বোমা মারে নাশকতাকারীরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ৫৬ জনের নামে ও অজ্ঞাত ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম। তখন ৭৮ নম্বর আসামি হিসেবে যুক্ত করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে।

ওই মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই মামলার ৫১ নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরীসহ অনেকে।

আসামিপক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে উপস্থিত করার দায়িত্ব সরকারের। আমরা আদালতে আবেদন করেছি, যেহেতু খালেদা জিয়া অসুস্থতাসহ নানান কারণে অনুপস্থিত তাই যেন চার্জ গঠনের তারিখ পেছানো হয়। এ ছাড়াও বিএনপির অনেক নেতাকর্মী অনুপস্থিত ছিলেন। যে কারণে আমরা আবেদন করেছি। আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে। চার্জ গঠনের তারিখ কবে তা পরে জানানো যাবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page