অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৩ বছর পালিয়েছিলেন ফরিদ আলী। অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গভীর রাতে পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের শিষ মোহাম্মদের ছেলে ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, গোপন খবরে শনিবার রাতে রামকৃষ্টপুর থেকে ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আসামির ২ বছরের সাজা হয়। ২০১২ সালের মে থেকে ১৩ বছর পলাতক ছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এসআই মো. তৈয়ব আলী, এসআই মো. নাজমুল হোসেন, এএসআই মো. সিরাজুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলামসহ সদর মডেল থানার সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার অভিযানটি পরিচালনা করে।
রবিবার দুপুরে আসামি ফরিদকে জেল হাজতে পাঠানো হয়।