September 15, 2026, 5:46 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের একমাত্র টার্গেট শেখ হাসিনা :  এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ (সদর-সিটি একাংশ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াতের একমাত্র টার্গেট শেখ হাসিনা। লন্ডনে যে খুনি (তারেক রহমান) বসে আছে, সে এই দেশে নির্বাচন হতে দেবে না। আমরা ক্ষমতাচ্যুত হলে ওরা (বিএনপি-জামায়াত) প্রতিটি জায়গায় মানুষ মারবে। তবে আমরাও বসে থাকব না। আমরা যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান আছি, মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোয় ৪ নভেম্বরের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত এই দেশে রাজনীতি করছে। এটা আমাদের জন্য লজ্জার। লন্ডনে বসে থাকা খুনি তারেককে পরিচালিত করছে জামায়াত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন শক্তি চায় এ দেশে এসে বসতে। বাংলাদেশের বেলায় তাদের সব মানবতা। বিএনপি-জামায়াত ফিলিস্তিন নিয়ে কথা বলে না, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। যারা ২১ আগস্ট ঘটায়, তাদেরকে গণতান্ত্রিক শক্তি ভাবব কেন? ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে নেত্রীকে আল্লাহ বাঁচিয়েছেন। তিনি আমাদের ১৫ বছর ধরে ক্ষমতায় রেখেছেন। তিনি বেঁচে না থাকলে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতাম। আমাদের তো রাজনীতিতে আসার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়ে উন্নত দেশ হতাম।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুকে, নেত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমি প্রথমে কিছু বলিনি। ভেবেছি নারায়ণগঞ্জে আরও অনেকেই তো আছেন, তারাই বলুক। এরপর সহ্য করতে না পেরে সমাবেশের আয়োজন করলাম। মানুষের উপস্থিতিতে রাস্তার একপাশের পরিবর্তে দুই পাশই বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনেকটা পথ হেঁটে মঞ্চে যেতে হয়েছে, গাড়ি নেওয়া যায়নি সেখানে। সমাবেশের চার কিলোমিটারের পর আরও চার কিলোমিটার মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।

এ সময় শামীম ওসমান আক্ষেপ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, পার্টির সেক্রেটারি (ওবায়দুল কাদের) এলেন, আজ আজম ভাই এসেছেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভী অনুপস্থিত। জগতের কেউ পারফেক্ট নন, কিন্তু এই মুহূর্তে আমাদের ঐক্য দরকার। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে ঠেকাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগই যথেষ্ট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ সময় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page