অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইদের হাতে আব্দুল হামিদ (৬০) নামে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত লতিফ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চেলে আপ্তাব আলী অভিযোগ করে বলেন, তার বাবা দীর্ঘ ২৪/২৫ বছর প্রবাসে ছিলেন। তখন তার পাঠানো টাকায় চাচা ফারুক আহমদ ও অপর চাচা বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বেশ কিছু জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি দেশে আসলে উক্ত জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ নিয়ে আদালতে একটি মামলা হয়। ঘটনার সময় আমার বাবা উনার নিজের জমিতে হালচাষ করতে গেলে চাচা ফারুক ও জলিল তাদের চাচাতো ভাই আব্দুল খালিক হালচাষে বাঁধা দেন। এবং এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওরা আমার বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও বুকে-পিঠে লাথি মারতে থাকেন। তখন ঘটনাস্থলে আমার বাবার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে।