অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে লাফ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন।
জানা গেছে, তিনি লক্ষ্মীপুরের পৌর শহরের বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১ বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।
এ ঘটনায় আহতরা হলেন নাছির আহমদের ছেলে ইমরান (২১), স্থানীয় বাসিন্দা গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ নাছির আহমদের ছেলে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাছির তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরও দুইজন গুরুতর আহত হন। ঘটনার একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে লাফ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পুলিশ সদস্য ১ বছর আগে অবসরে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।