অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ি সদর উপজেলায় নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) গ্রুপ।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বুধবার নিহত নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে বলে জানা গেছে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, বুধবার সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এই হামলা চালানো হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের সংগঠন জড়িত নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, খবর পেয়ে সকাল সোয়া ১১টার দিকে পুলিশের একটি ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, নিহতের সাংগঠনিক পরিচয় জানা নেই। মরদেহ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ জেলার পানছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যার ঘটনার জন্য ওই সংগঠনটি ইউপিডিএফের প্রসীত গ্রুপকে দায়ী করে আসছিল।