অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাতুল শেখ (২২) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাতুল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতুল শেখ নগরীর হরিণটানা এলাকার আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাতুল শেখসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়।
লবণচরা থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও কোনো তথ্য পুলিশকে দেয়নি। ঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলিখুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলি
এ ব্যাপারে নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়র আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাতুল শেখ গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।