ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম, পদবি, পরিচয় ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক সুবিধা দাবি, বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহেশপুর পৌরসভা ও উপজেলা প্রশাসন।
সম্প্রতি এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর জনসাধারণের অবগতির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় জানানো হয়, প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা পৌরসভা/উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, পরিচয় বা ছবি ব্যবহার করে কোনো প্রকার অর্থ দাবি করলে তাতে সাড়া না দিতে হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
কোনো ব্যক্তি সরকারি অফিসার বা দপ্তরের পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা দাবি করলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা সংরক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
জনস্বার্থে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছে মহেশপুর পৌরসভা ও উপজেলা প্রশাসন।
সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও মহেশপুর পৌরসভা প্রশাসক মো. সাজ্জাদ হোসেন।