অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে সংঘর্ষের ঘটনায় তাইজুল সরদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে বোরকা পরে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে হামলাকারীদের ধাওয়া করা হয়। এ সময় তাইজুল ও আল আমিন নামে দুজন আহত হন।
আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশে কয়েকজন মিলে তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে মিলন সরদারের বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার অথবা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।