অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত ও লাশ গুম করতে শরীরের অংশবিশেষ মহাসড়কের পাশে ফেলে গেছে কোনো অপরাধী চক্র।
শুক্রবার ভোরের দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা খণ্ডিত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর থানা-পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। নিহত ওই নারীর নাম-পরিচয় বা বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্যে ওই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে পরিচয় গোপন রাখা এবং আলামত নষ্ট করে বিভ্রান্তি সৃষ্টির জন্যই রাতের আঁধারে মহাসড়কের পাশে খণ্ডিত দেহ ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া ও মামলা দায়েরের পর ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই নারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অপরাধী চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।