November 11, 2026, 1:01 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃণমূল পর্যায়ে জনগণের জরুরি চাহিদা পূরণে সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ অর্থ সরাসরি সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্য এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্য প্রত্যেকে ৫ কোটি টাকা করে পাবেন।

গত ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পৃথক দুটি চিঠি দিয়ে এ বরাদ্দের প্রস্তাব করেন।

চিঠিতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে ১৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সব মিলিয়ে বিশেষ বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০০ কোটি টাকা।

অর্থসচিবকে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার সচিব উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

চিঠিতে বলা হয়, সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূলের মানুষ তাদের ছোটখাটো কিন্তু জরুরি প্রয়োজনের কথা সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন। সংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেও তাঁদের বর্তমান ঐচ্ছিক তহবিলের পরিমাণ অত্যন্ত সীমিত। এতে মানুষের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে একজন সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে বরাদ্দ রয়েছে মাত্র ৫ লাখ টাকা।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় মানুষের সহায়তা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ বিশেষ বরাদ্দ ব্যয় করা হবে।

তবে সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের বরাদ্দ দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এ ব্যবস্থা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। অতীতে এ ধরনের বরাদ্দের মাধ্যমে সংসদ সদস্যদের আইন প্রণয়ন ও তদারকির দায়িত্বের বাইরে গিয়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির সুযোগ তৈরির অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে সরাসরি আইনপ্রণেতাদের হাতে উন্নয়ন বরাদ্দ ন্যস্ত করা হলে তা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির পরিপন্থী হতে পারে। একই সঙ্গে বরাদ্দের ব্যবহার ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংসদ সদস্যদের জন্য ১৬টি নতুন প্রকল্প

এদিকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে আটটি বিভাগে দুটি করে মোট ১৬টি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এর মধ্যে প্রতিটি বিভাগের শহরাঞ্চলের সংসদীয় আসনের জন্য একটি এবং শহরের বাইরের আসনগুলোর জন্য আরেকটি প্রকল্প নেওয়া হবে।

প্রস্তাবিত প্রকল্পে প্রতিটি সংসদীয় আসনের জন্য বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এ অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজের প্রস্তাব দিতে পারবেন।

সংসদ সদস্যরা তাঁদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাটের উন্নয়নের তালিকা দেবেন। সেই তালিকা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দ্রুত এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংসদ সদস্যদের জন্য বিদ্যমান বরাদ্দ

সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার এবং গ্রামীণ ও শহুরে অবকাঠামো উন্নয়নে অতীতেও বিভিন্ন ধরনের বিশেষ ও থোক বরাদ্দ দেওয়ার নজির রয়েছে। বিভিন্ন সময়ে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ১৫ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রেখে প্রকল্প নেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ অনুদান থেকেও সংসদ সদস্যদের মনোনীত বা প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অর্থ দেওয়া হয়ে থাকে।

চলতি অর্থবছরে সামাজিক ও পল্লি অবকাঠামো উন্নয়নে সরকার পৃথক বিশেষ তহবিলে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর একটি বড় অংশ সংশ্লিষ্ট সংসদীয় আসনে সংসদ সদস্যদের চাহিদা অনুযায়ী বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে মোট ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ তহবিলের আওতায় সংসদ সদস্যদের মনোনীত ও সুপারিশ করা স্থানীয় যোগাযোগ ও পরিবহন অবকাঠামোসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ পর্যায়ে অনুদান পাঠানো হয়েছে।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির জন্যও বার্ষিক বাজেটে বরাদ্দ রাখা হয়।

টিআর কর্মসূচির আওতায় সংসদীয় আসনভিত্তিক সংসদ সদস্যদের অনুকূলে প্রতিবছর চাল ও গমের পাশাপাশি সমপরিমাণ নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এসব অর্থ দিয়ে দুস্থ মানুষের ঘরবাড়ি মেরামত এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজ করা হয়। কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজেও খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ ও ঐচ্ছিক তহবিল থেকেও সংসদীয় আসনগুলোর সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ মঞ্জুরি বা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে বিভিন্ন সিটি করপোরেশনের বাইরের এলাকায় বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page