ইয়ানূর রহমান : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির বাড়তি টহল ও সতর্ক অবস্থান দেখা গেছে।
ভারতের পেট্রাপোল সীমান্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়ে সমাবেশ এবং আওয়ামী লীগের চার শীর্ষ নেতার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশের পর সীমান্ত এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা, প্রথম কলকাতা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এসব প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রবিবার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা-সাতক্ষীরা, মালদহের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্তপথের কথাও উঠে এসেছে।
এদিকে, একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। এতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বপন মজুমদার শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগের ওই চার নেতা সীমান্ত পরিদর্শনের পর কয়েক দিন সেখানে অবস্থান করতে পারেন। পরবর্তী সময়ে তাঁদের আগরতলা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও অসমর্থিত সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন বিপুলসংখ্যক পাসপোর্টধারী যাত্রী।
তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের চার নেতার সীমান্ত পরিদর্শন এবং তাঁদের পরবর্তী সফর নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে বাংলাদেশ সরকার, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।