অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি বা চক্রের সঠিক তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করে পরে বেশি দামে বিক্রি করছে।
সরকার জানায়, ইতোমধ্যে মাঠ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকটি অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে অবৈধ মজুতের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সুষম বণ্টন নিশ্চিত করতে এই পুরস্কারভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে।
যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুতদার বা পাচারকারীদের তথ্য দিতে পারবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে পুরস্কারের অর্থ প্রদান করবেন।