স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়িচালক ইমরানকে (২২) আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী সড়কের বগা এলাকায় তল্লাশিচৌকি বসায় খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল।
রাত ১০টা ১৫ মিনিটের দিকে সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ চালককে আটক করা হয়।
আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ২ হাজার ৫০০ টাকা। প্রাইভেটকারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।