স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী কর্মীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে। চাকরি হারিয়ে টাকা ফেরত না পেয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সিমু আক্তার অভিযোগ করেন, তিনি ২০১৯ সাল থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে হাসপাতালের অফিস সহকারী লুৎফর রহমান তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেন।
সিমু আক্তারের অভিযোগ, সম্প্রতি লুৎফর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর নিজের এক ভাতিজাকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করেছেন। একই সঙ্গে পান্না নামে এক নারীকে তাঁর জায়গায় বসানো হয়েছে। ফলে দীর্ঘদিন কর্মরত থাকার পরও তাঁকে কর্মস্থলে আর কাজ করতে দেওয়া হচ্ছে না।
ভুক্তভোগী আরও জানান, চাকরি হারানোর পর থেকে পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। প্রতিদিন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাজের সুযোগ চাইলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। বর্তমানে তিনি বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
সংবাদ সম্মেলনে সিমু আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরি ফিরে পাওয়া এবং অভিযুক্তের কাছ থেকে নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে অফিস সহকারী লুৎফর রহমান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।