November 15, 2026, 11:59 am
শিরোনামঃ
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাবো : তুরস্কের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে : রিজভী পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৬ জন আটক দিনাজপুরে বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার আকাশ থেকে ফিরে এল বিশালাকার ‘স্টারশিপ’, প্রথমবারের মতো ধরে ফেলল স্পেসএক্স গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের ‘চিকিৎসা বন্ধ’ আফগানিস্তানে ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক
এইমাত্রপাওয়াঃ

পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের ‘চিকিৎসা বন্ধ’ আফগানিস্তানে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসকদের নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দিতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও আফগান সংবাদমাধ্যম জান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করা না হলেও তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছেন। নারী রোগী পাওয়া গেলে তাদের কারাবন্দি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে ফারিদা (৩৭) নামের এক আফগান নারীর দুর্ভোগের কথা তুলে ধরা হয়েছে। কয়েক বছর ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। তীব্র ব্যথার কারণে চলতি বছরের জুলাইয়ের শুরুতে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের বাকরাবাদ এলাকার একটি ডেন্টাল ক্লিনিকে যান।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে জানান, কয়েকটি দাঁত তুলে সেখানে ইমপ্লান্ট বা কৃত্রিম দাঁত বসাতে হবে। চিকিৎসার খরচ আগাম পরিশোধ করে কয়েক দফায় চিকিৎসা নেওয়াও শুরু করেন তিনি। কিন্তু তৃতীয় দফার চিকিৎসার সময় তাকে জানানো হয়, আপাতত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাকে বাড়ি ফিরে যেতে বলা হয় এবং পরে যোগাযোগ করার আশ্বাস দেওয়া হয়।

দুই দিন পর ক্লিনিকে ফোন করলে ফারিদাকে জানানো হয়, ধর্মীয় অনুশাসন বাস্তবায়নবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে পুরুষ দন্তচিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা করা নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে তাকে জানানো হবে। তিন মাস পেরিয়ে গেলেও তার চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের সরাসরি পরীক্ষা বা চিকিৎসা না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জরুরি চিকিৎসার ক্ষেত্রেও নানা শর্ত আরোপ করা হচ্ছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, নারী রোগীর সঙ্গে তার পরিবারের কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। কিছু ক্ষেত্রে নারী নার্সের মাধ্যমে নির্দিষ্ট চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কর্মরত সার্জন সামিম (ছদ্মনাম) বলেন, ‘আমরা নারী রোগীদের সরাসরি পরীক্ষা করতে পারি না, কারণ আমরা তাদের মাহরাম নই। চিকিৎসা যত সাধারণই হোক কিংবা রোগীর অবস্থা যত সংকটাপন্নই হোক, তাতে কোনো পার্থক্য হয় না।’

নারীদের ওপর বিধিনিষেধ শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নেই। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মে মাসে হাসপাতাল, বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্রেও নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার কথা বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের এক নারী জানিয়েছেন, তার পরিবারের এক বয়স্ক নারী সদস্যকে দাঁতের চিকিৎসার জন্য কয়েক শ মাইল দূরে কান্দাহার শহরে যেতে হয়েছে। কারণ, সেখানে তার ছেলে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করেন। ওই নারীর স্বামী মনে করতেন, কুনারের চিকিৎসকেরা তাকে চেনেন। তাদের কাছে চিকিৎসা নিতে গেলে সামাজিকভাবে অসম্মানিত হতে পারেন তিনি।

নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি চিকিৎসক হওয়ার পথও বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগান নারীদের চিকিৎসাবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোর চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নারী কর্মী নিয়োগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যেসব নারী চিকিৎসক এখনো কর্মরত রয়েছেন, তাদেরও মাহরাম সঙ্গে রাখার শর্ত মানতে হচ্ছে। ফলে নারী চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ নারী রোগীদের চিকিৎসা পাওয়ার সংকট আরও তীব্র হচ্ছে।

এক নারী রোগী জানান, বাবাকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরও তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কারণ, ওই চিকিৎসকের চেম্বারে কোনো নারী কর্মী ছিলেন না। চিকিৎসক তাকে জানান, আরেকজন নারী রোগী ও তার মাহরাম না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, কোনো সমস্যা হলে ওই নারী রোগী তাকে সহায়তা করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ছাড় দেওয়া হবে বলে তালেবান কর্মকর্তারা আগে যে বক্তব্য দিয়েছিলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি তার সঙ্গে সাংঘর্ষিক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবান সরকারের যোগাযোগমন্ত্রী হামদুল্লাহ নোমানি বলেছিলেন, নারী রোগীদের চিকিৎসার সময় পুরুষ চিকিৎসকদের মাহরাম হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু চিকিৎসক ও রোগীদের দেওয়া বক্তব্যে দেখা যাচ্ছে, বাস্তবে বিভিন্ন স্থানে পুরুষ চিকিৎসকেরা নারী রোগীদের চিকিৎসা দিতে বাধার মুখে পড়ছেন।

পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি ডেন্টাল ক্লিনিকে সহকারী হিসেবে কাজ করেন নারগিস (ছদ্মনাম)। তিনি জানান, নারী রোগীকে চিকিৎসা দেওয়ার সময় কোনো কোনো চিকিৎসক ক্লিনিকের বাইরে লোক রাখেন, যাতে তালেবান কর্মকর্তারা এলে আগেই সতর্ক হওয়া যায়।

তিনি বলেন, ‘আমাদের পুরুষ চিকিৎসক মাঝেমধ্যে মজা করে বলেন, চেম্বারে একটি চাদরি (বোরকা) রেখে দিই। তারা এলে সেটি পরে নেব, যাতে বুঝতে না পারে আমি পুরুষ চিকিৎসক।’

চিকিৎসা না পাওয়া নাকি ঝুঁকি নিয়ে চিকিৎসা—দুইয়ের মাঝে নারীরা

বর্তমান পরিস্থিতিতে আফগান নারীদের সামনে কার্যত তিনটি পথ খোলা রয়েছে—ঝুঁকি নিয়ে পুরুষ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া, অদক্ষ নারী স্বাস্থ্যকর্মীর ওপর নির্ভর করা অথবা অসুস্থতা নিয়েই জীবন কাটানো।

এক নারী রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বুঝতে পারছি না, এটা কেমন পরিস্থিতি! এমন একটি শহরে যেখানে একজন নারী চিকিৎসকও পাওয়া যায় না, সেখানে এত বিধিনিষেধ কীভাবে আরোপ করা হয়? তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই।’

দ্য গার্ডিয়ান ও জান টাইমসের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, তালেবান সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নারী চিকিৎসকের সংকট এবং পুরুষ চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই নভেম্বর, ২০২৬
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page