ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাহাবুদ্দিন বিশ্বাস (৬০) নামে আওয়ামী লীগের এক সাবেক ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে শার্শার লক্ষণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতার শাহাবুদ্দিন বিশ্বাস শার্শা উপজেলার লক্ষণপুর পূর্বপাড়া গ্রামের মৃত মইউদ্দিনের ছেলে। তিনি লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
শার্শা থানা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় ইউসুফ আলীর দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে শাহাবুদ্দিন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যার মামলার নম্বর ২৩। শাহাবুদ্দিন বিশ্বাসকে শুক্রবার যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।