August 17, 2026, 4:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হবে রাত ১০টায়। টানা ১৫ ঘণ্টা ধরে ভোটগ্রহণ শেষে ফলাফল দেওয়া শুরু হতে পারে আগামীকাল শুক্রবার থেকে।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে ১৪ বছর পর বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় আসতে পারে বলে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হয়েছে। তবে জরিপের ফলকে পাত্তা দিতে রাজি নন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

এবার প্রত্যাশিত সময়ের চেয়ে আগেই যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় পাঁচ বছরের। গতবারে অর্থাত্ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। নিয়মমাফিক পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ মে আচমকা আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এ নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টিসহ অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত, স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার ৯ নারীসহ ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লড়াই করছেন, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ আট জন।

বর্তমান এমপি রুশনারা আলি, রুপা হক, টিউলিপ সিদ্দিক, আপসানা বেগমসহ লেবার পার্টি মনোনীত প্রত্যেক প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। লেবার পার্টি সরকার গঠন করলে প্রথম বার মন্ত্রিসভায়ও স্থান পেতে পারেন কোনো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিও।

২০১০ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। এবার দলটির অবস্থা নড়বড়ে। আর মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিপুল বিজয়ের পর ফুরফুরে মেজাজে থাকা আত্মবিশ্বাসী লেবার পার্টি জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

লেবার পার্টির পরিবর্তনের ডাকের সঙ্গে জনগণও যে পরিবর্তন চান, সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচনী জনমত জরিপগুলোতে।

সবশেষ জরিপের ফল অনুযায়ী, ৪০ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে ছিল লেবার পার্টি। ২১ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ভালো ফলাফল করলেও নির্বাচনী জরিপে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রিফর্ম ইউকে।

সার্ভেশনের পোলিং বিশ্লেষণে দেখা যায়, লেবার পার্টি ৬৫০টি আসনের মধ্যে ৪৮৪টি আসন জিততে পারে, যা পার্টির সাবেক নেতা টনি ব্লেয়ারের ১৯৯৭ সালের ভূমিধস বিজয়ে ৪১৮টি আসনের চেয়ে অনেক বেশি। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেতে পারে ৬৪টি আসন। ১৮৩৪ সালে পার্টি প্রতিষ্ঠার পর এবার সবচেয়ে কম আসনে জিততে পারে তারা।

এবারে যে দুই দল সবচেয়ে বেশি ভোট পেতে পারে বলে আশা করা হচ্ছে, তারা হলো, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টি। ৪৪ বছরের ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন, তখন তার বয়স ছিল ৪২। আধুনিক সময়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী তিনি। শুধু তাই নয়, তার হাত ধরেই এ প্রথমবার কোনো ব্রিটিশ-ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন।

অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ের স্টারমার। তার বয়স ৬১ বছর। ২০২০ সালে জেরেমি করবিনের পর দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে প্রধান দলগুলো জনমত নিজেদের দিকে টানতে চলমান সমস্যার সমাধানে ও সুসংহত যুক্তরাজ্য গড়ে তুলতে নির্বাচনি ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালিয়েছেন। তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। দুই জনই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায়, তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছেন দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টির এক মন্ত্রী। এর মাধ্যমে নির্বাচনের একদিন আগেই কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি।

কনজারভেটিভ মন্ত্রী মেল স্ট্রাইড বিবিসিকে বলেন, আমি পুরোপুরি মানি, এই মুহূর্তে নির্বাচনের অর্থ হলো- লেবারের সবচেয়ে বড় ভূমিধস জয় দেখতে পাব আমরা। এখন বড় যে বিষয়টি হলো বিরোধী দল হিসেবে আমরা কি করতে পারব।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page