অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেড় ঘণ্টা ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ম্যাক্রোঁর চীন সফর নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, দুই নেতা শান্তি সম্মেলন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
জেলেনস্কি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ডিসেম্বরে একটি বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে উভয়ে আলোচনা থেকে জানা যায়নি কী পরিকল্পনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আমার প্রায় দেড় ঘণ্টা ফোনালাপ হয়েছে। ম্যাক্রোঁর সাম্প্রতিক চীন সফরের ফলাফল নিয়েও আলোচনা হয়।
গত সপ্তাহে চীন সফরে গিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি অনুসরণ না করতে ইউরোপীয়দের সতর্ক করেন ম্যাক্রোঁ। তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে পরামর্শ দেন এবং বৈশ্বিক নানান ইস্যুতে ইইউকে ওয়াশিংটন ও বেইজিংয়ের বাইরে ‘তৃতীয় মেরু’ হয়ে ওঠার আহ্বান জানান।
এমনকি বুধবার আমস্টারডাম সফরকালেও ম্যাক্রোঁ তার নিজের এ মন্তব্যের সমর্থনে বলেন, মার্কিন মিত্র হওয়ার মানে এই নয় ক্রীতদাস বনে যাওয়া।
চীনে ম্যাক্রোঁর সফরকালীন আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়। রুশ যুদ্ধাপরাধীদের দ্বারা ইউক্রেন সেনার অমানবিক হত্যার নিন্দা করায় ম্যাক্রোঁ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
সম্প্রতি একটি ভিডিওতে একজন ইউক্রেনীয় বন্দির শিরোচ্ছেদ করতে দেখা গেছে। যা নিয়ে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে। রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে। সূত্র: এএফপি