October 8, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম হওয়ায় নাম রাখা হলো ‘খালেদা’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ভোটকেন্দ্রে এক কন্যাসন্তানের জন্ম হয়। প্রয়াত প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শিশুটির নাম রাখা হয় ‘খালেদা’।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বেঙনাই গ্রামে নবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রসূতি মা ও নবজাতকের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি মায়ের হাতে বাঁধাই করা একটি ইউনিক নম্বর সম্বলিত জন্মসনদও তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আম্বিয়া খাতুন (৩৫) নামে এক গর্ভবতী মা প্রসববেদনা অনুভব করেন। পরবর্তীতে ভোটকেন্দ্রেই জন্ম নেয় নবজাতক কন্যাশিশু। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তিনি উপজেলার বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, একটি প্রত্যন্ত গ্রামে ভোট দিতে এসে এক গর্ভবতী মা সন্তানের জন্ম দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এই ঘটনা যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।

মা আম্বিয়া খাতুন বলেন, ভোটের দিন আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে স্মরণ করে মেয়ের নাম রেখেছি খালেদা। আজ প্রশাসনের লোকজন আমাদের দেখতে এসেছিল।

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page