অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হাজারো মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা ও হয়রানিমূলক ছিল।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা করা হয়েছে—যা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী। তবে সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি মামলা সংক্রান্ত নথি, এজাহার, চার্জশিট ও পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে দেখে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কিনা।
যেসব মামলার ক্ষেত্রে জনস্বার্থে বিচার চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বা রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়। পরে জেলা কমিটির সুপারিশ যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো পর্যালোচনার মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।