ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দুই সাংবাদিক জামিন পেয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা খানমের আদালত থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্তরা হলেন—মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ ও সহ-সভাপতি মোঃ সাহেব আলী।
মামলা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ বুনাগাতি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইরুব হাসান জিয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়।
পরবর্তীতে ১৮ মার্চ শালিখা থানায় ইউপি সদস্য ইরুব হাসান জিয়া বাদী হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি শালিখা থানার মামলা নং-০৬ (তারিখ: ১৮/০৩/২০২৬) এবং জিআর নং-১৬/২৬ হিসেবে নথিভুক্ত হয়। এতে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে শুনানিতে অংশ নিয়ে দাবি করেন, চাউল কম দেওয়ার অভিযোগের ভিডিও প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তারা এটিকে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন।
অন্যদিকে, সাংবাদিক ফারুক আহমেদ ও সাহেব আলী অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের সময় তাদের বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজেদের দায় এড়াতে তাদের বিরুদ্ধে উল্টো মামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা।
মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম বলেন, তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হবে।
এ ঘটনায় মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।