ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে এক ওমানপ্রবাসীকে কুপিয়ে এবং তার স্ত্রীকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রশিদ ভূঁইয়ার অভিযোগ, তিনি ও তার স্ত্রী ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন। রাত ৩টার দিকে ডাকাত দলের সদস্যরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয় এবং তার স্ত্রীকে মারধর করা হয়।
পরে ডাকাতরা বাসা থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন আব্দুর রশিদ। ঘটনার সময় বাসায় স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।
পরে ভোরে আব্দুর রশিদ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসমাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।