ইয়ানূর রহমান : যশোরের বেনাপোলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন (৩২), মৃত কেরামত মোড়লের ছেলে গোলাম হোসেন (৫৬), শওকত আলীর ছেলে নাজমুল ইসলাম (৪৫), নায়েব আলীর ছেলে শাওন গাজী (২৪)।
পুলিশ জানান, বেনাপোল পোর্ট থানার ওসি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগের ৪ কর্মীকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আটক সবাইকে সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশি পাহারায় আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।