ফারুক আহমেদ, মাগুরা : ‘আমরা আছি সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক প্যানেলের আলোচনায় বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও সফল উদ্যোক্তা ড. মো. আলী আফজাল বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সরকারি ও বেসরকারি চাকরির দিকে ঝুঁকে থাকেন। কিন্তু সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে সব ধরনের ব্যবসাতেই সফল হওয়া সম্ভব। একজন উদ্যোক্তাকে সফল হতে হলে অন্তত পাঁচ বছর দিনরাত কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসাকে পেশার পাশাপাশি নেশায় পরিণত করতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মোটিভেশনাল স্পিকার ও সাবেক ব্যাংকার অ্যাডভোকেট আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

এছাড়া বিভিন্ন খাতের সফল ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন কুটিরশিল্প উদ্যোক্তা রেশমা আক্তার সাথী, হস্তশিল্প উদ্যোক্তা জেসমিন রহমান স্মৃতি, হস্তশিল্প ও গ্রোসারি ব্যবসায়ী খুরশিদা ইয়াসমিন ইতি, মাশরুম চাষি মো. হুসাইন, মোবিল প্যাকেজিং ও অর্গানিক পণ্য উদ্যোক্তা ফারুক হোসাইন, বুটিক ও বিউটিপার্লার ব্যবসায়ী পাপিয়া শারমিন রত্না, খাদ্য প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা কল্পনা খাতুন, আরএম ফ্যাশন হাউজের তিথী সরকার, হোম ডেলিভারি খাবার উদ্যোক্তা নুরী খাতুন এবং বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এলাকার পোল্ট্রি খামারি আবু সাঈদ।
প্রশিক্ষণে নতুন উদ্যোক্তা হওয়ার আগ্রহ নিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা, ব্যবসা পরিচালনা ও সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।