স্টাফ রিপোর্টার : সম্পত্তির ভাগাভাগি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টা পর ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে। জমি না পাওয়ার ক্ষোভে বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মেজো ছেলে ও তিন মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার মহেশপুর পৌরসভার গড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধের নাম মাহবুব তফাদার (৮০)। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
প্রতিবেশীরা জানান, প্রায় দুই বছর আগে মাহবুব তফাদার তাঁর প্রায় চার বিঘা জমি বড় ও ছোট ছেলের নামে লিখে দেন। অভিযোগ রয়েছে, জমি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হন মেজো ছেলে ও তিন মেয়ে। সেই ক্ষোভ থেকেই বাবার মৃত্যুর পর দাফনকাজে বাধা দেন তাঁরা। অন্যদিকে, যাঁরা জমি পেয়েছেন, তাঁরাও জমি ছাড়তে নারাজ।
সন্তানদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও একজন মৃত মানুষের ধর্মীয় রীতি ও সম্মান অনুযায়ী দ্রুত দাফন সম্পন্ন করা জরুরি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দ্রুত মরদেহ দাফন সম্পন্ন করার আহ্বান জানান।
পরে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থানীয়দের চাপে ১৮ ঘণ্টা পর বাবার মরদেহ দাফন করেন সন্তানরা।