অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার শাসনমালে সম্ভাব্য ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে যে দাবি করেছেন তার প্রচণ্ড সমালোচনা করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বলেছেন, মার্কেল নিজের ‘রাজনৈতিক ব্যর্থতা’ ঢাকতে গিয়ে একটি ‘ব্যাখ্যা’ দাঁড় করিয়েছেন।
মার্কেল শনিবার দি জেইতকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি মিনস্ক শান্তি প্রক্রিয়াকে সমর্থন দিয়েছিলেন। ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমন করতে পশ্চিমা উদ্যোগে মিনস্ক শান্তি চুক্তি সই হয়েছিল।
সাবেক জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য সর্বাত্মক সংঘাত এড়াতে তিনি তার পক্ষে যা কিছু সম্ভব তা করেছেন। মার্কেল বলেন, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলেও এখনও তিনি মনে করেন, কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান করা উচিত।
মার্কেলের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা পোদোলিয়াক বলেন, “সাবেক চ্যান্সেলর মার্কেল ইউরোপকে পুরোপুরি রাশিয়ার জ্বালানীর ওপর নির্ভর করে ফেলেছিলেন। অথচ তিনি এখন দাবি করছেন তিনি সম্ভাব্য সংঘাত এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন?”
পোদোলিয়াক এক টুইটার বার্তায় আরো বলেন, “কিসের বিনিময়ে তিনি এ চেষ্টা করেছিলেন? সস্তায় রাশিয়ার গ্যাসের বিনিময়ে? হাস্যকর ব্যাপার। যুদ্ধ কি তাহলে শুরু হয়নি?”