অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীর প্রায় ৭০০ জনের মধ্যে অর্ধেকই ছিল পাকিস্তানি নাগরিক।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তত ৩৫০ জন যাত্রী ছিল পাকিস্তানের।
জাতীয় পরিষদে দেওয়া ভাষণে রানা সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকাডুবিতে ৩০০ জনের বেশি নাগরিক মারা গেছেন। গত ১৪ জুন এই দুর্ঘটনা ঘটে।
সানাউল্লাহ বলেন, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৪০০ জন। অথচ এতে প্রায় ৭০০ জন আরোহী ছিলেন। দক্ষিণ গ্রিসের শহর পাইলোস থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যায় নৌযানটির। এরপর এটি ডুবে যায়। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে মাত্র ১২ জন পাকিস্তানি বলেও জানান তিনি।
উদ্ধারকৃত মৃতদেহের শনাক্তকরণে ডিএনএ টেস্ট করা হবে। এ জন্য ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি এবং ফরেনসিক ল্যাবরেটরি তাদের বাবা-মা এবং শিশুদের নমুনা সংগ্রহ করেছে।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত ২৮১টি পরিবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের ধারণা, নিহতদের মধ্যে তাঁদের স্বজনও থাকতে পারেন।
এ ঘটনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটি ক্ষেত্রে কাজ করছে। এর মধ্যে অন্যমত পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সূত্র : ডন