অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিন বলেছে, শান্তিপূর্ণ সমাধানের জন্য যে ধরনের পূর্ব শর্ত পূরণ করা প্রয়োজন বর্তমানে তার কিছুই নেই।
গতকাল (সোমবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান- বর্তমান বাস্তবতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা আছে কিনা।
জবাবে পেসকভ বলেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান অসম্ভব কারণ ভলোদিমির জেলেনস্কির সরকার পশ্চিমা সম্মিলিত সমর্থনের কারণে এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় না। কিয়েভ যতক্ষণ পর্যন্ত পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।
এর আগে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, “যুদ্ধক্ষেত্রে” মস্কোকে কৌশলগত দিকে দিয়ে পরাজয়ের চেষ্টা করছে ওয়াশিংটন। তাদের এই প্রচেষ্টা ইউক্রেনের শান্তি আলোচনার সম্ভাবনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মারিয়া জাখারোভার এই বক্তব্যের পর পেসকভের মন্তব্য এলো।