অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার তিতাসে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংবর্ধনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, গোপালপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেনের নেতৃত্বে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার পর হঠাৎ একই গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দের সমর্থকেরা হামলা চালান। এ সময় সংসদ সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।
সংঘর্ষ শুরু হলে স্থানীয় নেতারা সংসদ সদস্যকে নিরাপদে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে যান। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। এ ছাড়া উভয় পক্ষের প্রায় ১০ জন কর্মী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সংসদ সদস্য ঘটনাস্থল ত্যাগ করার পর মাগরিবের নামাজের আগে জামাল হোসেনের উত্তেজিত সমর্থকেরা এমদাদ হোসেন আখন্দের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে এমদাদ হোসেন আখন্দ ও জামাল হোসেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
দলীয় পদ থেকে বহিষ্কার
এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকাল রাতে এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম লিখিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগে এমদাদ হোসেনকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে।