অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি জেলায় ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব টিম ডিপো, পেট্রোল পাম্প থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করবে।
এদিকে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া, নির্ভরযোগ্য তথ্য দিয়ে অবৈধ মজুতদারি রোধে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।