স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে বৈরব গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, রাতের আঁধারে তুহিনের ড্রাগন বাগানে ড্রাগন আনতে যাওয়ার সময় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।