অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগে ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার তথ্য জানান। এর আগে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির ট্রাঙ্ক থেকে নিহত মতিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মতিফুল ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। আটকরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২১), তার বন্ধু রাহিম ও স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকির।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ আলী রাজমিস্ত্রির কাজ করতেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই মা-বাবার সঙ্গে বিরোধে জড়াতেন তিনি। মাকে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, সোমবার বাড়িতে মা ছাড়া অন্য কেউ না থাকার সুযোগে আশরাফ তার মায়ের কাছে গলার সোনার মালা ও কানের দুল দাবি করেন। মা দিতে অস্বীকৃতি জানালে বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগ। পরে মরদেহ বাড়ির একটি বড় ট্রাঙ্কে রেখে স্বর্ণালংকার নিয়ে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন তারা।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে আশরাফ ও তার বন্ধু রাহিম থানায় মায়ের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করতে এলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আশপাশের লোকজন বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।