অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লটের ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে ছুরিসদৃশ একটি বস্তুও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা হারুন মিয়া ওই দিনই আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ড্রেনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের পরিচয়ের মিল পাওয়া যায়। প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ মোদাছের মিয়ার বলে শনাক্ত করা হয়। তার হাত-পা বাঁধা ছিল এবং পাশে ছুরিসদৃশ একটি বস্তু পড়ে ছিল।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, মোদাছেরের মৃত্যুর কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।