স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে দীর্ঘদিনেও কাজ শুরু করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও দেড় বছর পার হয়ে গেছে। এখনো শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন উপজেলার চারটি ইউনিয়নসহ চুয়াডাঙ্গার কয়েকটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দীর্ঘ চার-পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন।
জনদুর্ভোগ কমাতে গত বছর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরু হয়নি। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের আশায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার-পাঁচ বছর ধরে সড়কটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য দরপত্র হয়েছে, ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
কলেজ শিক্ষক শামীম হোসেন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েও কেন কাজ করছে না, তা আমাদের বোধগম্য নয়।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, সড়কের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাওয়া যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। দ্রুত সংস্কার করা না হলে এই দুর্ভোগ কমবে না।
এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, কাজ না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়ক দিয়ে ঝিনাইদহের এসবিকে, সাবদারপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করেন।