ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া ইয়াবার অংশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেbল সাড়ে ৩টায় এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার লাউতাড়া এলাকায় অভিযানে গয়ড়াগামী সড়কের ব্রিজের ওপর থেকে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া অংশ উদ্ধার করা হয়। আটককৃত তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টায় উপজেলার শাড়াতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী ব্রিজের ওপর থেকে মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মেহেদী হাসান শার্শা উপজেলার গোড়পাড়া পালবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।